ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) রাতে এ গেজেট প্রকাশ করা হয় বলে ইসি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গত ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়ে জানতে চায়, আদালতের রায়ের পর ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করতে হবে কি না। আইন মন্ত্রণালয় থেকে ইতিবাচক মতামত পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অন্যান্য কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে রাতেই গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন ইশরাক হোসেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন এবং ২ ফেব্রুয়ারি ইসি আনুষ্ঠানিকভাবে ফলাফল গেজেট আকারে প্রকাশ করে। পরে তাপস শপথ নিয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
তবে নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।
প্রায় চার বছর পর, ২০২৪ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম রায় ঘোষণা করেন। রায়ে নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ অব্যাহত রাখার গেজেট বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের পর ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, “আমরা নির্বাচন অনিয়ম, দুর্নীতি এবং গ্রহণযোগ্যতার ঘাটতির অভিযোগ এনে ফলাফল বাতিলের আবেদন করেছিলাম। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন।”
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র - আতিকুল ইসলাম এবং ফজলে নূর তাপস — দায়িত্ব থেকে অব্যাহতি পান। এরপরই আদালতের রায়ের আলোকে ইশরাক হোসেনের মেয়র পদে গেজেট প্রকাশের পথ সুগম হয়।
বায়ান্ন/আরএস