খবর প্রতিদিন

কুলাউড়ায় বিএনপি নেতাকর্মীরা রেললাইন অবরোধ করতে গিয়ে পুলিশের ধাওয়ায় পালালেন

রেললাইন অবরোধ করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ইং, বেলা ১১টার সময় পৌরসভার স্কুল চৌমুহনী এলাকায় রেললাইন অবরোধের চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
জানা যায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (একাংশ) সুফিয়ান আহমদের নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতাকর্মী রেল অবরোধ করে পাহাড়িকা ট্রেন আটকে রাখার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যান।
উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ জানান, আজকের অবরোধ গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অবরোধ। রেলপথ অবরোধের চেষ্টা করলে পুলিশি বাধায় তা আর করা যায়নি।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার জানান, বিএনপির কয়েকজন নেতাকর্মীরা রেলপথ অবরোধের চেষ্টা করলে পুলিশ দেখে তারা পালিয়ে যায়।
অন্যদিকে, বিকেলে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, হরতাল ও অবরোধের প্রতিবাদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমানের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ-সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর