চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়িতে যুবকের আত্মহত্যা, পারিবারিক কলহের আশঙ্কা

খাগড়াছড়ির মাটিরাঙায় পারিবারিক কলহের জেরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের বাজার এলাকায় নিজ দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রাজীব চক্রবর্তী (৩০) গোমতী বাজার এলাকার কেন্দ্রীয় শ্রীশ্রী জগন্নাথ কালীমন্দিরের পুরোহিত রামকৃষ্ণ চক্রবর্তীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজীব দীর্ঘদিন ধরে গোমতী বাজারে ওয়ার্কশপের ব্যবসা করে আসছিলেন। তিনি চোখের সমস্যায় ভুগছিলেন। স্বজন বা পরিচিতদের ধারণা, চিকিৎসার খরচ নিয়ে পারিবারিক কোন্দল কিংবা অন্য কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। সকালে বাজারে এসে স্থানীয় লোকজন দোকানে ভিড় জমান এবং আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁর দেহ ঝুলতে দেখেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় লাশ নিচে নামিয়ে রাখা হয়।

এ বিষয়ে নিহতের বাবা বলেন, "আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কী বলব বুঝতে পারছি না, এখন কোনো মন্তব্য করতে পারব না।"

গোমতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল ফজল ভূঁইয়া জানান, তিনি ব্যক্তিগত কাজে শান্তিপুর এলাকায় অবস্থান করছেন। তবে ঘটনাটি তিনি শুনেছেন। রাজীব বাজারে ব্যবসা করতেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি; ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।

মাটিরাঙা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বিষয়টি পুলিশ জেনেছে। লাশ থানায় নিয়ে আসার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 


সম্পর্কিত খবর