"ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা"—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ।
সভায় বক্তারা বলেন, তথ্য মানুষের সচেতনতা ও সিদ্ধান্ত গ্রহণের অন্যতম প্রধান ভিত্তি। তথ্য অধিকার হচ্ছে নাগরিকের তথ্য জানার অধিকার। স্বচ্ছতা, জবাবদিহি এবং নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণে সরকারি প্রতিষ্ঠান, জনসেবা, উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য পাওয়ার সুযোগ থাকলে নাগরিকরা নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে পারে।
বক্তারা আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিস্তারে তথ্য পাওয়ার সুযোগ এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে। তবে এর সঙ্গে বেড়েছে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যের বিস্তার। ফলে তথ্যের প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি কোন তথ্য সঠিক ও নির্ভরযোগ্য—তা তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।
তথ্য অধিকার কেবল তথ্য পাওয়ার সুযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে নাগরিক সচেতনতা, অংশগ্রহণ, জবাবদিহি এবং জনস্বার্থ রক্ষার বিষয়টিও জড়িত।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, টিআইবির সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।