চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস পালিত

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের স্মৃতিসৌধে বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

 

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বীরত্ব, ত্যাগ আর বিজয়ের উল্লাসের প্রতিচ্ছবি, বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য ও গৌরবোজ্জ্বল অবিস্মরণীয় এক অধ্যায়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে যাঁরা জীবন বাজি রেখে, পঙ্গুত্ব বরণ করে মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিলেন কাঙ্ক্ষিত স্বাধীনতা; উপহার দিয়ে গেছেন বিশ্বের বুকে আরও একটি নতুন মানচিত্র এবং লাল-সবুজ পতাকা। এই দিবসের মাধ্যমেই বাঙালি জাতি আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের আত্মত্যাগে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

 

এরপর স্মৃতিসৌধে সকল বীর শহীদদের স্মরণে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

 


সম্পর্কিত খবর