চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

টানা ভারি বৃষ্টিতে পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস সকাল ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। তবে এদিন ট্রেনে যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটক এক্সপ্রেসের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা থেকে নির্ধারিত অন্যান্য ট্রেনও একই রুটে যাত্রী পরিবহন করবে।

 

এর আগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।

 

 

ওই সময় কক্সবাজারগামী একটি ট্রেন ষোলশহর-জানালীহাট স্টেশনের মধ্যে আটকা পড়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ রবিবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, পানির স্তর কমে আসার পাশাপাশি জরুরি প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণের ফলে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে রেললাইন। শনিবার রাত পর্যন্ত নিচু অংশে প্রায় ৪ ইঞ্চি পানি থাকলেও লাইন লিফটিংয়ের মাধ্যমে মধ্যরাতে রেললাইনকে পানির স্তর থেকে অন্তত ১০ ইঞ্চি ওপরে উন্নীত করা হয়।

 

 

পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিবার থেকে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে শনিবার দিবাগত রাত ও রবিবার সকালে নতুন করে ভারী বৃষ্টিপাতের কারণে সকালের কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। এরপর পরিস্থিতির উন্নতি হলে পর্যটক এক্সপ্রেসকে প্রথম ট্রেন হিসেবে কক্সবাজারের উদ্দেশে যাত্রার অনুমতি দেওয়া হয়।

 



সম্পর্কিত খবর