অর্থনীতি ও বাণিজ্য

চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন

 

 

দেশে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুনে এই পদ্ধতিতে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে চার গুণে দাঁড়িয়েছে। দেশের ক্যাশলেস লেনদেনকে আরো গতিশীল ও জনপ্রিয় করতে এবার দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কেও বাংলা কিউআর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বনানী ও গুলশানের বেশ কিছু রিটেইল নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার সূচনা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান।

 

ড. মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সেবার মান বাড়াতে গত ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে দেশের বিভিন্ন রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর চালুর বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে প্রান্তিক পর্যায়ে এ সেবা বিস্তৃত করতে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রান্তিক অঞ্চলে এ সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোবাইল ও নেটওয়ার্ক সুবিধার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এসব বাধা দূর করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যাংক, রিটেইল নেটওয়ার্ক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।’

 

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ক্যাশলেস লেনদেন যত বাড়বে, সরকারের নতুন টাকা ছাপানোর পেছনে খরচ ততই কমবে।

একই সঙ্গে সার্বিক আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’ সংশ্লিষ্টরা জানান, বাংলা কিউআর ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের মাধ্যমে বাজারে নগদ অর্থের ব্যবহার কমিয়ে এনে ডিজিটাল লেনদেনকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

 



সম্পর্কিত খবর