ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মুন্সী পাড়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাজী আলম মিয়া (৫৮) ফান্দাউক গ্রামের ওয়ালী মিয়ার ছেলে। তিনি ফান্দাউক বাজারে একটি ব্যবসা পরিচালনা করতেন এবং এলাকায় পরিচিত মুখ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে আলম মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের টিন কেটে প্রবেশ করে এবং এরপর তার হত্যাকাণ্ড ঘটায় বলে ধারণা করছে পুলিশ। আজ সকাল সকাল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, চুরির উদ্দেশ্যে ঘটনাটি ঘটেছিল, তবে পরবর্তীতে চুরির সময় হয়তো তাকে হত্যা করা হয়। অন্যদিকে, কিছু মানুষ বলছে এটি একটি পরিকল্পিত পারিবারিক হত্যাকাণ্ড হতে পারে। তবে, তদন্তের পর হত্যাকাণ্ডের আসল রহস্য বের হবে।’
এ ঘটনায় পুরো ফান্দাউক গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।