বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি পরিবর্তনের জন্য জনগন রাজনৈতিক দল গুলোকে সমর্থন দিয়েছে বলেই স্বৈরাচার মাফিয়া বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন জনগণের ইস্যু গুলো নিয়ে কথা বলা উচিত আমাদের, এটাই রাজনীতি। আসুন, জনগণের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা নিয়ে কাজ করি।
রোববার (২৩ মার্চ) রাজধানীর পুরনো পল্টনে ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা কারী সকল শক্তি মিলে ২ বছর আগে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছি। দেশে প্রথম ধ্বংস করেছে ভোটের ব্যবস্থা। দেশের সকল সেক্টরকে মেরামত করতে হবে। দেশের কাঠামো মেরামতের কথা সবার আগে আমরাই বলেছিলাম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে। স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে গণতন্ত্রকে ব্যাহত করেছেন অনেকেই।
সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্ন সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে। আজকে অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন। কিন্তু বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরা বলেছিলাম। আমরা সংস্কার নিয়ে কথা বলছি, কিন্তু দিন শেষে আমাদের রাজনীতির সবচেয়ে বড় ভরসা জনগণের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা-ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত। কারণ এটিই হচ্ছে আমাদের রাজনীতি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ফ্যাসিবাদী শক্তির মধ্যে পরিকল্পিতভাবে ফাটল ধরা চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বায়ান্ন/আরএস