খবর প্রতিদিন

জোরপূর্বক সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশে থাকা ৩টি গাছ জোরপূর্বক কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে কাটা গাছের ১৩টি খণ্ড বনবিভাগ উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ইং, সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার এলাকায় গাছ কাটার এ ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা যায়, নয়াবাজার-চৈত্রঘাট ও এয়ারপোর্টে-তারাপাশা সড়কের পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের পূর্ব পাশে এলজিডি রোপণ করা ৩টি গাছ তরিক মিয়া নামে স্থানীয় বাসিন্দা কেটে ফেলেন। পরে বিষয়টি জানাজানি হলে বনবিভাগের লোকজন এসে ১৩ খণ্ড গাছের গুঁড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখে যান।
তরিক মিয়া গাছ কাটার কথা শিকার করে বলেন, এভাবে গাছ কাটা আমার ভুল হয়েছে। গাছ যদি এলজিডি বা বনবিভাগের হয়, তাহলে তারা নিয়ে যাবে। আর আমার হলে আমি পাব।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান এ বিষয়ে বলেন, বনবিভাগ গাছগুলো জব্দ করে আপাতত আমার জিম্মায় রেখে গেছে। বনবিভাগ বা এলজিডির গাছ হলে প্রশাসনের লোক এসে তাদের গাছ নিয়ে যাবে।
রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, আমরা ১৩টি খণ্ড গাছ জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখেছি। গাছগুলো এলজিডির থাকায় তারা এসে নিয়ে যাবে। আমরা তাদের বলে দিয়েছি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন এ বিষয়ে বলেন, গাছ কাটার বিষয়টি শুনেছি। উপজেলা এলজিডি প্রকৌশলী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বিষয়ে তদন্ত করে যথাযথব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। 


সম্পর্কিত খবর