জাতীয়

জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে চরম উত্তেজনা ॥ শিক্ষক অবরুদ্ধ

 জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুল হাসানের বিরুদ্ধে শিশু নির্যাতন, অশোভন আচরণ ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ এনেছেন অভিভাবক ও এলাকাবাসী।

অভিযোগে বলা হয়েছে, ওই শিক্ষক অকারনে শিক্ষার্থীদের মারধর, ক্লাস চলাকালে মেয়েদের সঙ্গে অশোভন আচরণ ও মোবাইলে বাজে ভিডিও প্রদর্শনসহ একাধিক গুরুতর অনিয়মে জড়িত। সোবাহান আলী নামের স্থানীয় অভিভাবক উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগপত্রে জানান, ইতিপূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দেয়া হলেও কার্যকর কোনো তদন্ত বা ব্যবস্থা নেয়া হয় নি। ফলে বিষয়টি দিনদিন ভয়াবহ আকার ধারন করছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে দায়িত্বরত থাকা অবস্থায় শিক্ষক মাসুদুল হাসান শিক্ষার্থীদের প্রতি বারবার অকারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালান। এ ঘটনার প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে এলাকাবাসী ওই শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা প্রদান করে আসছে।  অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে সহকারী শিক্ষক মাসুদুল হাসানকে এক প্রকার প্রতীকী অবরোধ করে রেখেছেন। অভিযোগপত্রের অনুলিপি সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। এদিকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষার পরিবেশ রক্ষা করতে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন অভিভাবকসহ এলাকাবাসী। এ ব্যাপারে সহকারী শিক্ষক মাসুদুল হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও  তাদের পাওয়া যায় নি।  

 



সম্পর্কিত খবর