খুলনা

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক নৃশংস সন্ত্রাসী হামলায় ১ নম্বর ভায়না ইউনিয়ন পরিষদের সদস্য মোলাম হোসেন (৫০) নিহত হয়েছেন। বুধবার দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত মোলাম হোসেন হরিণাকুণ্ডু উপজেলার কালশংকরপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে। তিনি ১ নম্বর ভায়না ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ইউপি সদস্য মোলাম হোসেন নিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্র ও লাঠিসোটায় রক্তাক্ত ও গুরুতর জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তাকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় গ্রামবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষে নিহতের লাশ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।”

এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


সম্পর্কিত খবর