দেশের খবর

ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় আলমসাধু চালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় রেজাউল ইসলাম নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) সকালে উপজেলা শহরের মোবারকগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত রেজাউল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যশোর থেকে আলমসাধুতে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিল সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের রেজাউল ইসলাম। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোচিক সুগার মিলের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে আলমসাধুটি উল্টে চালক রেজাউল ইসলাম গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক গায়েন বলেন, ‘আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। কাভার্ডভ্যানটি আটক করতে পারিনি তবে আটকের চেষ্টা চলছে।’


সম্পর্কিত খবর