রাজনীতি

ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মশাল মিছিল

ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যা ও দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পটুয়াখালীতে আলাদা আলাদা মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রজনতা।
শনিবার রাত সাড়ে ৮ টায় ঢাকায় ব্যবসায়ী সোহাগহত্যাসহ সারাদেশ ব্যাপী ধারাবাহিক হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে পটুয়াখালী জেলা যুবদল। স্থানীয় বনানী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন। এ সময় তিনি মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগসহ সারা দেশের হত্যাকান্ডের জন্য সরকারের দূর্বলতাকে দায়ী করে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারসহ কঠোর শাস্তি দাবী করেন।
 
অপরদিকে রাত ৮ টায় কলাপাড়া উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ  থেকে একটি  মশাল মিছিলটি শুরু হয়। এতে শিক্ষার্থী, যুব সমাজ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 
মশাল মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, সাবেক সবাপতি নজরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়। 
সমাবেশে বক্তারা বলেন, একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা বর্বরতা ও নৃশংসতার দৃষ্টান্ত। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার প্রবণতা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। বর্তমান সরকার এসব চাঁদাবাজি বন্ধে ব্যর্থ হয়েছে। এদের কঠোর হাতে দমন করতে না পারলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।


সম্পর্কিত খবর