দেশের খবর

ঢাকার ভাষানটেকে ডাকাতি মামলার পলাতক আসামী সবুজ নরসিংদীতে আটক

 
র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর একটি বিশেষ অভিযানে শিবপুর থানার কামড়াবো এলাকা থেকে একাধিক ডাকাতি ও হত্যা মামলার কুখ্যাত আসামী মোঃ সবুজ ওরফে সেলিম (৩৫) গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাষানটেক থানা, গাজীপুরের শ্রীপুর থানা এবং নরসিংদীর পলাশ থানায় একাধিক মামলার পলাতক আসামী ছিলেন।
 
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ জুন) রাত ১২টা ৩০ মিনিটে শিবপুর উপজেলার কামড়াবো এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সবুজের পিতার নাম মৃত কামাল ওরফে আলাউদ্দিন, তার বাড়ি পলাশ থানার সুলতানপুর এলাকায়।
 
র‍্যাব-১১ জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্র নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। শুধু ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত র‍্যাব-১১ কর্তৃক বিভিন্ন অভিযানে ১৪১ জন হত্যা মামলার আসামী, ৫৭ জন ধর্ষণ মামলার আসামী, ১২২ জন চাঞ্চল্যকর অপরাধী এবং ৩২২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
 
র‍্যাব-১১ এর পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত সবুজ ওরফে সেলিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর