এসো হে বৈশাখ, এসো, এসো! “নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি-জরাজীর্ণ, সম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি।” রোববার পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন। বাংলা শুভ নববর্ষ-১৪৩১ উপলক্ষে জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ দিনটিতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে বাঙালিয়ানা কৃষ্টির পোশাক-আশাকে নেচে গেয়ে নতুন বছরকে বরণ করে নেয়া হয়। সেই সাথে দর্শন বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন ও ইতিহাস বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম জুটির গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সকলের হৃদয় জুড়িয়ে দেয়। এর আগে অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শুরু হয়। এতে গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য দেন। এ ছাড়া অনেকেই বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষক-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।