চট্টগ্রাম প্রতিদিন

দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক চাইথোয়াই মারমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—নারী নেত্রী নমিতা চাকমা, অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আশুতোষ চাকমা, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ননী ব্রত ত্রিপুরা, সাবেক জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, সমাজসেবক ধীমান খীসা, ব্যবসায়ী চৌধুরী বেলাল হোসেন এবং শিক্ষার্থী মংনুচিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটি আসন থেকে জনগণের রায়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর যোগ্য নেতৃত্বে পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণে এ অঞ্চলের উন্নয়ন, সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল।

বক্তাদের দাবি, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন রয়েছে। দীপেন দেওয়ান একজন সৎ মানুষই নন, তিনি অত্যন্ত দক্ষ ও জনবান্ধব ব্যক্তি। অভিজ্ঞ এমন ব্যক্তির নেতৃত্ব এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারে। তাঁর পদত্যাগে পার্বত্যাঞ্চলের মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বক্তারা সরকারের কাছে এই পদত্যাগের কারণ স্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি তাঁকে পুনর্বহালের দাবি জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান নির্বাহী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।



সম্পর্কিত খবর