আমরা ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাসী হতে পারি, কিন্তু ধর্মের নামে কোনো মাজার ও মন্দির ভাঙচুর করা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
এ সময় তিনি আরও বলেন, "কারও ধর্মকে কটাক্ষ করার রাজনীতি এনসিপি করে না। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের যারা আছেন, তাঁদের আমরা সংখ্যালঘু মনে করি না।" ভিন্ন ধর্মের লোকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা সংখ্যালঘু নন, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশের নাগরিক।"
রবিবার বিকেলে কুমিল্লার হোমনা পৌর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "আমরা আজকের রাজনীতি করি আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য। আমরা এনসিপি কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, দালালি ও ঘুষের রাজনীতি করি না। আমরা প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চাই। আমরা চাই প্রত্যেক নাগরিক তার মর্যাদা নিয়ে চলুক।"
এ সময় নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, "নারীদের সম্মান ও সমান অধিকার নিশ্চিত করতে হবে। তাদের সুশিক্ষা ও নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নারী নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে। নারীদের পিছিয়ে রেখে আমরা কখনো সমাজকে অগ্রসর করতে পারব না।"
জনসভায় তিনি মন্তব্য করেন, তরুণ প্রজন্মকে প্রাধান্য দিতে হবে, তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দিতে হবে। তরুণ প্রজন্মকে হতাশায় নিমজ্জিত হতে দেওয়া যাবে না।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী হোমনা পৌরসভা নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে মো. রাজু আহমেদকে মনোনীত করা হয়।