মামার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে কাগজের নৌকা ভাসাতে গিয়ে পানির স্রোতে হুজাইফা (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের কলেজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু হুজাইফা ফরিদপুর সদর উপজেলার হাবিলী গোপালপুর গ্রামের সবুজ আলীর ছেলে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার (১ নভেম্বর) মায়ের সঙ্গে ভাঙ্গুড়া পৌর শহরের কলেজপাড়ার মামার বাড়ি বেড়াতে যায় শিশু হুজাইফা। মঙ্গলবার দুপুরে কলেজপাড়া রুহুলের বাড়ির পাশের বড়াল নদীতে কাগজের নৌকা ভাসাচ্ছিল হুজাইফাসহ কয়েকজন শিশু। কিছুক্ষণ পরে নদী থেকে কাগজের নৌকা তুলতে পানিতে নামে হুজাইফা। এ সময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে। ঘটনার পরেই স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যার আগ পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। এরপরও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, তবে শিশুটিকে খুঁজে পেতে বুধবার (০৬ নভেম্বর) সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে