চট্টগ্রাম প্রতিদিন

নবীনগরে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ফ্রি প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের আয়োজনে ফ্রি ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’-এর ২০তম সেশনের ষষ্ঠ সেমিনার আজ শনিবার (২৯ নভেম্বর, ২০২৫) পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় উৎসাহব্যঞ্জক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

জামাল হোসেন পান্নার সঞ্চালনায় এবং প্রশিক্ষণার্থী এনামুল হুদার কুরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়।

 

স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও মোটিভেশনাল বক্তা মোহাম্মদ হোসেন শান্তি তরুণদের উদ্দেশে বলেন, “স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, জ্ঞান ও অবিরাম পরিশ্রম। সার্বজনীন গ্রুপ তরুণদের সেই পথচলায় সাথী হতে চায়।”

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, অংকুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা আনিছুল হক রিপন, মাছরাঙা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক শাহিন রেজা টিটু, আনোয়ার হোসেন ও মাহাবুব হোসেন। বক্তারা বলেন, “যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এই প্রচেষ্টা আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের ভেতরের সম্ভাবনা জাগ্রত করার এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।”

 

সেমিনারে ধ্যানঘরের পরিচালক আনোয়ার হোসেন শারীরিক-মানসিক সুস্থতা, সময় ব্যবস্থাপনা এবং পরিবর্তনশীল যুগে নিজেকে উপযোগী করে গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন। প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ দেন আলমগীর হোসেন এবং ব্লক-বাটিক ও সেলাই প্রশিক্ষণ করান রুমা আক্তার। তাঁরা হাতেকলমে উদ্যোক্তা হওয়ার মৌলিক ধাপ, প্রয়োজনীয় দক্ষতা, কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরতার কৌশল তুলে ধরেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা এবং প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা এস এ রুবেল।

 

আয়োজক সূত্র জানায়, সেমিনারে মোট ৫৬ জন উদ্যমী তরুণ-তরুণী অংশ নেন, যারা নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। সার্বজনীন গ্রুপের এ উদ্যোগ নবীনগর ও আশপাশের তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে পূর্ণাঙ্গ সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

 


সম্পর্কিত খবর