চট্টগ্রাম প্রতিদিন

নবীনগরে ফজলুর রহমান মুহুরী স্মৃতিবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আলমনগরে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে ‘ফজলুর রহমান মুহুরী স্মৃতিবৃত্তি–২০২৫’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

‘ভাটা নদীর বাঁকে সমাজ কল্যাণ সংঘের’ সার্বিক ব্যবস্থাপনায় এবারের স্মৃতিবৃত্তি পরীক্ষায় পৌর এলাকার ২৫টি প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ১৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

বৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আলমনগর ঐক্য ফোরামের সভাপতি ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। সভাপতিত্ব করেন মরহুম ফজলুর রহমান মুহুরীর সন্তান, ভাটা নদীর বাঁকে সমাজ কল্যাণ সংঘের সভাপতি ও আলমনগর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

 

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন ফজলুর রহমান স্মৃতিবৃত্তি সমন্বয়ক সহকারী অধ্যাপক আক্তার হোসেন। কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন।

 

আয়োজক ও সমন্বয়কদের সঙ্গে পরীক্ষা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার বিন খলিল, সমাজকর্মী ওমর ফারুক, সাংবাদিক জামাল হোসেন পান্না ও মাহবুবুর রহমান প্রমুখ।

 

এ সময় হলসুপার হিসেবে দায়িত্ব পালন করেন বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সহকারী হলসুপার ছিলেন ফজলুর রহমান স্মৃতিবৃত্তি সমন্বয়ক মো. খলিলুর রহমান।

 

মরহুম ফজলুর রহমান মুহুরীর সন্তান ও ভাটা নদীর বাঁকে সমাজ কল্যাণ সংঘের সভাপতি শরিফুল ইসলাম বলেন, পিতার আদর্শ বাস্তবায়ন ও স্মৃতি ধরে রাখতে এই শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে। পরীক্ষার আয়োজনকে সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে বৃত্তির কার্যক্রম আরও প্রসারের আশাবাদ ব্যক্ত করেন।

 


সম্পর্কিত খবর