ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শহীদ আবদুস সালামের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রবেশ পথের দক্ষিণ পাশে শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ আবদুস সালাম নবীনগর শত্রু মুক্ত হওয়ার একদিন আগে ১৩ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন। তিনি নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের মরহুম আবদুল খালেক সরকারের সন্তান আবদুস সালাম। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশী স্বাধীনতাকামীদের নির্মূলে অস্থায়ী পাক আর্মি ক্যাম্প নির্মাণ করে।
শহীদ আবদুস সালাম নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাকিস্তানি ক্যাম্প লক্ষ্যে করে পজিশন নিয়ে বিদ্যালয়ের মাঠ সংলগ্ন নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া থাকাকালিন পাকিস্তানি হানাদার বাহিনীর ছুঁড়া এলোপাতারি গুলিতে তিনি শহীদ হন। পরে তাকে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথের দক্ষিণ পাশে সমাধি করা হয়। নবীনগর সদরের মাঝিকাড়া ব্রিজ থেকে নবীনগর থানা হয়ে কোর্ট রোড পর্যন্ত রাস্তাটির নাম শহীদ আবদুস সালামের নামে “সালাম রোড” নামকরণ করা হয়েছে।
আলেচনাসভায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক খালেদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক অলিউল্লাহর সঞ্চালনায় এতে শহীদের জীবন ও ত্যাগ নিয়ে আলোচনা করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিউল্লাহ, সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমতিয়াজ বেগ ইমন, মাওলানা আমির হোসেনসহ অন্যান্যরা। আলোচনাসভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি এনামুল হক কুতুবী ।
সভায় শহীদ আবদুস সালামের পরিবারের সদস্যগণ, স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।