দেশের খবর

নরসিংদীতে আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে আসামির পলায়ন

 
 
 
নরসিংদীতে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন এক আসামি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে জেলার আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম সাগর (৩২)। তিনি রায়পুরা উপজেলার শ্রীরামপুর এলাকার ফিরোজ মিয়ার ছেলে এবং একটি ডাকাতির প্রস্তুতি মামলার প্রধান আসামি।
 
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, ২০২৩ সালের ডাকাতির প্রস্তুতির মামলায় সাগর প্রধান আসামি। সোমবার রাতে রায়পুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
 
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সাগরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন ইসলামের আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সন্ধ্যা ছয়টার দিকে অন্যান্য আসামিদের সঙ্গে প্রিজন ভ্যানে তোলার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
 
আদালত পুলিশের পরিদর্শক (ওসি) সাইরুল ইসলাম বলেন, “সাগর আগে তিন দফা জামিন পেয়েছিলেন। কিন্তু তিনি হাজিরা দিতে আসতেন না, ফলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এবারও তিনি জামিনের আবেদন করেননি। প্রিজন ভ্যানে ওঠার সময় সুযোগ বুঝে হাতকড়া খুলে পালিয়ে যান।”
 
তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


সম্পর্কিত খবর