নরসিংদীতে দায়িত্ব গ্রহণের পরপরই জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম। তার নির্দেশনায় পরিচালিত এ অভিযান জেলায় অপরাধ প্রবণতা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
গত এক সপ্তাহে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাকাণ্ড, মাদক ব্যবসা ও অস্ত্র উদ্ধারের সঙ্গে জড়িত ২ শতাধিক আসামীকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ৫৮ জন আসামী, যাদের মধ্যে মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত ও হত্যাকাণ্ডে জড়িত অপরাধীরা রয়েছেন।
চলতি সেপ্টেম্বর মাসেই নরসিংদীতে পৃথক ৫টি ঘটনায় সাতজন খুন হয়েছেন। এর মধ্যে পারিবারিক দ্বন্দ্বে ৩ জন, ব্যবসায়িক দ্বন্দ্বে ১ জন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ জন নিহত হন। এসব ঘটনায় দায়ের হওয়া ৬টি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ইতোমধ্যেই দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
অভিযানের মধ্যে উল্লেখযোগ্য হলো—
রায়পুরায় মুদি ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটন: হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে দুই আসামী গ্রেফতার, একজনের স্বীকারোক্তি।
শিবপুরে ছিনতাই প্রতিরোধ: ঢাকা-সিলেট মহাসড়কে ৩ ছিনতাইকারী গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধার।
বেলাব ও শিবপুরে ছিনতাই চক্র ধরা: ছিনতাইকৃত অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার।
নরসিংদী মডেল থানায় চুরির ঘটনায় গ্রেফতার: নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দেশীয় অস্ত্র উদ্ধার।
মাদকবিরোধী অভিযান: চলতি মাসে ৮৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার হয়েছে ৩৭.৫ কেজি গাঁজা, ১২০ লিটার চোলাইমদ, ১০৩৭ পিস ইয়াবা ও ৩৪০ বোতল বিদেশী মদ।
এছাড়াও, মাধবদীতে স্ত্রী হত্যার অভিযোগে পলাতক স্বামীকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম বলেন, “অপরাধ প্রতিরোধে জেলার সব থানায় নিয়মিত অভিযান চলছে। মাদক, অস্ত্র উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত। কেউ অপরাধে জড়ালে তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
এ অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলে আশা করছেন স্থানীয়রা।