দেশের খবর

নারী শিক্ষায় বিএনপির অবদান সবচেয়ে বেশি -আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

 
বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন। বেগম রোকেয়াকে যেভাবে নারী শিক্ষার প্রতিকৃতি বলা হয়, তেমনি বর্তমান যুগের বেগম রোকেয়া হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”
 
শুক্রবার (২০ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
 
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল আরও বলেন, “বিএনপি সরকারের সময় নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হয়েছে। নারী শিক্ষার প্রসারে বাধা দূর করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছিল। সংসদে সংরক্ষিত নারী আসন পাসও বিএনপির সময়ে, ১৯৯১ সালে।”
 
তিনি আরও উল্লেখ করেন, “ভবিষ্যতে ছেলেদের পাশাপাশি মেয়েরা যেন সমানভাবে চাকরি, ব্যবসা বা চ্যালেঞ্জিং পেশায় অংশ নিতে পারে, সেই ভিত্তি বিএনপি-ই তৈরি করেছে। আবার যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হবে। শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করা হবে।”
 
তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে বলেন, “১৪, ১৮ এবং ২৪ সালের নির্বাচনে লাখো নতুন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। তাই দেশের জনগণ যেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেটিই চাই।”
 
মনোহরদী উপজেলা ছাত্রদলের এই আয়োজনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়া, সহ-প্রচার সম্পাদক এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন, মাহমুদুল হক, ডা. আব্দুর রেহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল প্রমুখ।
 
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মনোহরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান প্রধান, সদস্য আকরাম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফি উদ্দিন আকন্দ করুণ, এবং বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতারা।
 
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজের ৫০০ জন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার জন্য কলম, পেন্সিল, স্কেলসহ বিভিন্ন উপকরণসম্বলিত ফাইল বিতরণ করা হয়। শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত খবর