নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমীন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, "তোমাদের লেখাপড়ার সঙ্গে সমুদ্র ও সামুদ্রিক সম্পদের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গোপসাগর আমাদের জন্য মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য, খনিজ ও প্রাকৃতিক সম্পদের এক বিশাল ভাণ্ডার। একই সঙ্গে সমুদ্রকে ঘিরে রয়েছে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির অপার সম্ভাবনা। তোমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করেছ, যা ভবিষ্যতে দেশের সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, সংরক্ষণ ও সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।"
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, "বাংলাদেশের সমুদ্র ও সামুদ্রিক সম্পদকে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দ্বার হিসেবে প্রতিষ্ঠিত করতে তোমরা বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।" এ সময় সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বিবেচনায় ভবিষ্যতে একটি সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ গোলাম মোস্তফা।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।