নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘নোবিপ্রবি’র অধিকতর উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টার প্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণানির্ভর এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে সুপরিকল্পিত মাস্টারপ্লান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পরিকল্পনায় সংশ্লিষ্ট সকলের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আরও টেকসই ও কার্যকর হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শুধু অবকাঠমো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হবে।
বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী। সেমিনারে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশ নেয়।