নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১৮ জন গবেষককে পিএইচডি ফেলোশিপের দ্বিতীয় কিস্তির চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মোট ৪৭ লাখ ১২ হাজার ৬০১ টাকার এই চেক তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারি মেয়াদের এই ফেলোশিপ হস্তান্তর করেন। তিনি বলেন, “গবেষণায় উৎসাহিত করতে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের অনুদান শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও উচ্চতর গবেষণামুখী করতে সহায়ক ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও পিএইচডি সুপারভাইজারগণও অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে গতিশীল করতেই নিয়মিত বিরতিতে এই ফেলোশিপের কিস্তি প্রদান করা হচ্ছে।