চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে রোগী সেজে সোনার চেইন চুরি, এক্স-রেতে পেটে শনাক্ত

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে তাঁর দেহ তল্লাশি করে চেইন না পাওয়া গেলে এক্স-রে পরীক্ষায় পেটের ভেতরে সোনার চেইন দুটির অস্তিত্ব শনাক্ত করা হয়।

১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক দেখানোর সময় এ ঘটনা ঘটে।

আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা বিবি ফাতেমা নামে এক নারীর গলায় থাকা সোনার চেইন দুটি কৌশলে চুরি করার চেষ্টা করে একটি চক্র। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্রের সদস্যরা ধাক্কা দিয়ে তাঁর গলার চেইন দুটি খুলে নেয়। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় সিনারা বেগমকে আটক করে তল্লাশি চালান রোগীর স্বজনেরা।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়া হলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, সোনার চেইন দুটি গিলে ফেলেছেন। এরপর এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাঁর পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। অস্ত্রোপচার বিভাগের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর পেট থেকে সোনার চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক-তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


সম্পর্কিত খবর