চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে দুটি হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)।

৩০ আগস্ট রোববার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের মিয়ামি ও স্কাইভিউ হোটেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে হোটেল দুটিতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটজন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সম্পর্কিত খবর