নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসতঘরের পেছনে কড়ই গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
নিহত বেলায়েত হোসেন ওরফে মুন্সী (৩৫) একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার সময় মুন্সী নিজের বসতঘর থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসতঘরের পেছনে কড়ই গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ পায় স্থানীয়রা। নিহত যুবক এলাকায় মাদক কারবারের সাথে জড়িত ছিল। কিছুদিন আগে সে মাদক কারবার ছেড়ে ভালো পথে ফিরে এসেছিল। নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড দাবি করে জানায়, তাকে এক জায়গায় পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে অন্য জায়গায় নিয়ে নারীদের ম্যাক্সি এবং ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।