চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে প্রবাসী বাড়িসংক্রান্ত ডাকাতি: আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইনউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২১), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ইছহাকের ছেলে ফখরুল ইসলাম নাঈম (২১) এবং চট্টগ্রাম বন্দর এলাকার সল্টগোলা ক্রসিংয়ের মৃত শাহজাহানের ছেলে মো. সাকিব (২২)।

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছমদ আলী চেয়ারম্যানের নতুন বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী আবদুল আলীম দীর্ঘ ২১ বছর প্রবাস জীবন কাটিয়ে প্রায় ছয় মাস আগে স্থায়ীভাবে দেশে ফেরেন। তাঁর দেশে ফেরার খবর পেয়ে উপজেলার চরএলাহী ইউনিয়নের উড়িরচরের জলদস্যু শাহীনের যোগসাজশে গত শনিবার একদল ডাকাত রামপুর ইউনিয়নে অবস্থান নেয়। রোববার দিবাগত রাত ৩টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত বসতঘরের কাঠের দরজার লক ভেঙে প্রবেশ করে। এ সময় তারা আবদুল আলীম ও তাঁর ছেলে সাইফ আলীকে হাত-পা বেঁধে ও মুখ ঢেকে জিম্মি করে।

পরে ডাকাতেরা পরিবারের নারী সদস্যদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও তিনটি আংটিসহ মোট এক ভরি দুই আনা স্বর্ণালংকার এবং আলমারি থেকে নগদ ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট অবস্থানের পর তারা সামনের দরজা দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় রংমালা বাজারের পাহারাদারেরা সন্দেহজনকভাবে হেঁটে যাওয়া চট্টগ্রামের বাসিন্দা সাকিবকে জিজ্ঞাসাবাদ করেন। পরে স্থানীয় লোকজনের সন্দেহ হলে সাকিবসহ রামপুরের বাসিন্দা ফখরুল ইসলাম নাঈম ও রিয়াজকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম জানান, সন্দেহজনক অবস্থায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ডাকাতির ঘটনায় তাঁদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 


সম্পর্কিত খবর