চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রেমিক

টাকা না দেওয়ায় প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও বিভিন্ন চ্যাটিং গ্রুপ এবং অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

 

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। গত বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকার আশুলিয়ার দোসাইদ এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র‍্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকা-এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার সবুজ খান (৩৫) রংপুর জেলার দেবীগঞ্জ থানার বানিয়াপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে।

 

র‍্যাব-১১ জানায়, ভিকটিম ও আসামি সবুজ খানের মধ্যে ফেসবুকে পরিচয় এবং পরবর্তীতে মোবাইলে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সুবাদে সবুজ বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারে অডিও এবং ভিডিও কলে কথা বলতে থাকে। ভিডিও কলে কথা বলার একপর্যায়ে সবুজ কৌশলে ভিকটিমের আপত্তিকর ভিডিও ধারণ করে। ওই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে প্রেমিকার কাছে ৫ লক্ষ টাকা দাবি করে এবং একপর্যায়ে ৫০ হাজার টাকা আদায় করে। পুনরায় ভিডিও ছাড়ার হুমকি দিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ধাপে আরও ১ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং অবশিষ্ট ৩ লক্ষ ৩০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকে। কিছুদিন টাকা না দেওয়ায় সবুজ ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও বিভিন্ন চ্যাটিং গ্রুপ ও অনলাইনে ছেড়ে দেয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিল। জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 


সম্পর্কিত খবর