চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

নোয়াখালীর সেনবাগে মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. আবদুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

৬ সেপ্টেম্বর রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হৃদয় সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির আবুল খায়েরের ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নলদিয়া এলাকায় শিশুটিকে ফুসলিয়ে আসামির শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর যৌথ আভিযানিক দল রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


সম্পর্কিত খবর