রংপুর

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো জাতীয় যুব দিবস।

১ নভেম্বর রবিবার সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে বের হয়ে ব্যারিস্টার কলেজ চত্বর ঘুরে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে এসে এটি শেষ হয়। পঞ্চগড় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

শোভাযাত্রা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে যুব ঋণের চেক বিতরণ, যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এ সময় পুলিশ সুপার আবু সাইম, এনডিসি সুবীর সাহা, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর আশরাফ সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া নিবন্ধিত যুব সংগঠনকে সনদপত্র প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়।

দেশ উন্নয়ন সংস্থা ও দেশ প্রতিবন্ধী স্কুলের সহযোগিতায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ১ নভেম্বর রোববার যুব উন্নয়ন চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ২ নভেম্বর সোমবার মশক নিধন কার্যক্রম ও যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলা, ৩ নভেম্বর মঙ্গলবার মাছের পোনা অবমুক্তকরণ, ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি, ৪ নভেম্বর বুধবার সফল উদ্যোক্তা ও সম্ভাব্য উদ্যোক্তাদের নেটওয়ার্কিং স্থাপন, ৫ নভেম্বর বৃহস্পতিবার ছেলে-মেয়েদের ভলিবল প্রতিযোগিতা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গুজব, অপপ্রচার, নীতি ও নৈতিকতা বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

 


সম্পর্কিত খবর