একটি পরিবারের সদস্যরা ভূমি রেকর্ড সংক্রান্ত হয়রানি থেকে মুক্তি পেতে এবং জমি সংক্রান্ত জটিলতা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি ও জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের ভবাইনগর মৌজার নির্যাতিত ও অসহায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ রেজাউল ইসলাম, মোঃ আফসার আলী, মোঃ সাদিকুল ইসলাম, মোঃ আবু সাঈদ, মোছাঃ নুর জাহান, মোছাঃ ওয়ারেসুন নাহার, মোছাঃ নুর সাবাহ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলেন, ১৯৮৯ সাল থেকে ৩৫ বছর যাবৎ আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরপাক খাচ্ছি কিন্তু শেষ পর্যন্ত ন্যায় বিচার আমরা পাচ্ছি না। বিপরীত পক্ষের কোন বৈধ কাগজপত্র এবং যুক্তি না থাকা স্বত্তেও তারা কিভাবে তাদের জমি রেকর্ড দেওয়া হয়েছে এ বিষয়ে আমরা স্মারকলিপির মাধ্যমে প্রশাসনের নিকট জানতে চাই।
আমরা জমি ক্রেতার তৃতীয় প্রজন্ম তাই উক্ত সমস্যা সমাধানের জন্য স্মারকলিপিতে অভিযুক্ত সকল সমস্যা সমাধানের জন্য আপনার সুদৃঢ় হস্তক্ষেপ কামনা করছি এবং আমাদের অনুরোধ উক্ত সমস্যার সমাধান না করে যেন আমাদের বিপক্ষদের জমি রেকর্ডভূক্ত না করা হয়। জোনাল অফিসের কিছু কর্মকর্তা প্রকৃত মালিকদের হয়রানি অব্যাহত রেখেছে। ফলে আমাদের পরিবারের ৫ শতাধিক ভুক্তভোগী সদস্য এই হয়রানির শিকার হচ্ছে। তাই আমাদের আকুল আবেদন স্মারকলিপিতে যে সমস্ত ভূমি বিষয় তুলে ধরেছি সেই সমস্যা নিরসনকল্পে এবং আমাদের বাঁচার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।