দেশের খবর

ফরিদপুরে অটোরিক্সা -মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে ব্যাটারিচালিত অটো রিক্স-মোটরসাইকেল সংঘর্ষে মুস্তাফিজুর আহম্মেদ ওরফে আসিফ খাঁন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আসিফ খাঁন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিন শৌলডুবি গ্রামের ওয়াদুদ খাঁনের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের  ছাত্র ছিলেন।

পুলিশ ও নিহতের সহপাঠী বায়েজিদ হাসান জানান, আসিফ মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। সদরপুর ইউনিয়নের সদরপুর ফিলিং স্টেশনের পর মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে আসিফ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ফরিদপুর নেওয়ার পথে আসিফ খাঁন পথিমধ্যে মারা যান।

সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব বলেন, ‘প্রাথমিকভাবে বেপোরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর