দেশের খবর

ফরিদপুরে খাবারের সন্ধানে লোকালয়ে মুখপোড়া হনুমান

ফরিদপুরের বোয়ালমারীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি দলছুট মুখপোড়া হনুমান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর এলাকায় দলছুট মুখপোড়া হনুমান দেখা যায়। মুখ পোড়া হনুমানটিকে একনজর দেখার জন্য উৎসক জনতা ভিড় করছেন। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার বোয়ালমারী ঠাকুরপুর এলাকায়, মহিলা কলেজ মোড়, উপজেলা গেটের সামনে, ময়না গ্রামের বেশ কিছু জায়গায়, ময়েনদিয়া গ্রামের বিভিন্ন বাড়ি এবং বাগানে ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। মানুষ দেখলেই ভয় পাচ্ছে। গাছ থেকে মাটিতে নামছে না। উৎসুক লোকজন মাঝে মাঝে নিচ থেকে গাছের ডালে কলা ও পাউরুটি ছুড়ে দিচ্ছেন। হনুমানটি সেগুলো ধরে খেলেও বেশিক্ষণ একস্থানে অবস্থান করছে না। 

স্থানীয়রা বলছেন, খাবারের খোঁজে দলছুট হয়ে লোকালয়ে এসেছে মুখপোড়া হনুমানটি। কয়েকদিন ধরে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। উৎসুক জনতা হনুমানটিকে দেখে কলা, পাউরুটিসহ বিভিন্ন রকমের খাবার খেতে দিচ্ছেন।

সুজিত নামে এক স্কুল ছাত্র বলেন, ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। এর আগেও আমাদের এলাকায় এমন হনুমান ঘুরতে দেখা গেছে।

উজ্জ্বল নামে এক যুবক বলেন, বিকেলের দিকে ঠাকুরপুর এলাকায় হনুমানটিকে বসে থাকতে দেখা গেছে। প্রাণীটিকে দেখে অনেকে খাবার ছুড়ে দিচ্ছেন। মানুষের থেকে খাবার নিয়েও খেতে দেখা যাচ্ছে হনুমানটিকে।

বোয়ালমারীর উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ চক্রবর্ত্তী বলেন, মুখপোড়া হনুমানটি সম্ভবত দলছুট। এটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে।

তিনি আরও জানান, এরা দলবদ্ধ হয়ে বসবাস করা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। তিনি এসব হনুমানকে আঘাত কিংবা বিরক্ত না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ

 



সম্পর্কিত খবর