চট্টগ্রাম প্রতিদিন

ফেনীতে গৃহবধূকে কোপ, বাধা দেওয়ায় বান্ধবীর হাত বিচ্ছিন্ন

ফেনী শহরের আদালতপাড়ায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীর ওপর স্বামীর সশস্র হামলায় বাধা দিতে গিয়ে এক নারী সহকর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আজমিরী বেগম সড়কের একটি ভাড়া বাসায় এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত স্বামী সুজনকে (২৭) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাচালক সুজনের সঙ্গে তার স্ত্রী ফিরোজা আক্তারের (২৩) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় সুজন ধারালো রামদা নিয়ে বাসায় ঢুকে ফিরোজাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এ সময় ফিরোজার চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসেন সহকর্মী ও বান্ধবী আফসানা আক্তার (৩০)। হামলাকারী সুজন তখন আফসানাকে লক্ষ্য করে কোপ দিলে তার বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হামলায় ফিরোজারও হাতের চারটি আঙুল কেটে গেছে।

 

আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে দুজনের অবস্থাই আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য বিচ্ছিন্ন হাতসহ তাদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ফেনী মডেল থানা পুলিশ জানায়, আটক সুজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পারিবারিক কলহ ও সন্দেহের জেরে এই হামলা চালিয়েছেন বলে স্বীকার করেছেন। পুলিশ অভিযুক্তের দেওয়া তথ্যমতে ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা রামদা উদ্ধার করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



সম্পর্কিত খবর