চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী নিউজ, চট্টগ্রাম সংবাদ, প্রতিপক্ষের হামলা, আহত ৫, সরল ইউনিয়ন, কাহারঘোনা, বাঁশখালী থানা পুলিশ, চট্টগ্রাম মেডিকেল

চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মোহাম্মদ ইসহাককে (৪০) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত অন্য চারজন হলেন— মোহাম্মদ আবদুল মঈন (৩৮), মোহাম্মদ ইলিয়াস (৪৩), জিয়াসমিন আক্তার (৩২) ও তাহুরা আক্তার (৩৩)। তারা বর্তমানে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাহারঘোনা এলাকার মনজুর আহমদের ছেলে দিদারুল ইসলাম ও মোহাম্মদ মিজানের পক্ষের সাথে মাহমুদুল হকের ছেলে আবদুল মঈনদের দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছে। মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ ইসহাকের পথরোধ করে অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষায় স্বজনরা এগিয়ে এলে দিদার ও মিজানের নেতৃত্বে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়।

 

হাসপাতালে চিকিৎসাধীন আহত আবদুল মঈন অভিযোগ করে বলেন, "হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারা গত ৫ আগস্টের আগেও আমাদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। বর্তমানেও তারা বিভিন্ন কৌশলে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।"

 

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, "ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"



সম্পর্কিত খবর