চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে আবারও ৩টি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার, গুলি উদ্ধার, টেম্পো জব্দ

বাঁশখালীতে আটক অস্ত্রসহ দুই ব্যক্তি।

বাঁশখালীতে একদিনের ব্যবধানে আবারও ৩টি অস্ত্র উদ্ধার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দুইজনকে। অস্ত্র ও গুলি পরিবহণের অভিযোগে জব্দ করা হয়েছে একটি টেম্পো গাড়ি। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া হাবিবের দোকান এলাকার মনোয়ারের দোকানের সামনে থেকে একটি সন্দেহভাজন চলন্ত টেম্পো গাড়ি থামিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন—নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ফরিদপুর সেলিম মাঝির বাড়ির মোহাম্মদ সেলিমের ছেলে খুরশিদ আলম (৩২) ও চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর উপজেলার পুখিয়া, জঙ্গল কাইয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. হাসান প্রকাশ আকাশ (২৭)। এর আগে গত শনিবার রাতেও অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছিল।

 

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার চেচুরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রাম অভিমুখী একটি চলন্ত টেম্পো গাড়ি (চট্ট-মেট্রো-ফ-১১-০২২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় টেম্পো গাড়িতে সুকৌশলে লুকানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পোসহ খুরশিদ আলম ও মোহাম্মদ হাসান প্রকাশ আকাশ নামে দুইজনকে আটক করা হয়। এ সময় অস্ত্র ও গুলি পরিবহণের অভিযোগে টেম্পো গাড়িটিও জব্দ করা হয়। অভিযানে অংশ নেন বাঁশখালী থানা ও ডিবি পুলিশের একটি টিম।

 

বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।

 


সম্পর্কিত খবর