ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নবনির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে এবং এর মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন শেষে আনন্দ ও গৌরবের সঙ্গে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে এবং সবাই নিজ নিজ কাজে ফিরে যাবে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নব-নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে, তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এই শুভ মহুর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’