রাজনীতি

বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা, জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা বিএনপির

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানানোর সময় সড়কে পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে দলটি।

সোমবার (৬ জানুয়ারি) দিনগত রাত ১২টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন।

এতে বলা হয়, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওয়ানা হবে। রাত ৯টায় তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এবিষয়ে নেতাকর্মীদের যথাযথভাবে নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

খালেদা জিয়ার গাড়িবহর কোন পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, ইতোমধ্যেই সেই রুটের তথ্যও জানানো হয়েছে। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রুটের পরিকল্পনা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, গুলশান-২ নম্বরের বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান-২ নম্বর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে, খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি’ ঢাকায় এসে পৌঁছায়।

সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। এ বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বায়ান্ন/আরএইচ/পিএইচ



সম্পর্কিত খবর