চট্টগ্রাম প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার রামরাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয়ভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন।

 

রামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল ও জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা।

 

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে দলীয় কার্যক্রম বেগবান করার আহ্বান জানান। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া এবং রামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ ওলি।

 

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 



সম্পর্কিত খবর