সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে হাসানুর শেখকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় তাঁর ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।
হাসানুরের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপণ করেন হাসানুর শেখসহ তাঁর পরিবারের সদস্যরা। এরপর বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপণ করা সুপারি গাছের চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় হাসানুরের স্ত্রীকে মামুন শেখসহ তাঁর পরিবারের সদস্যরা গালিগালাজ করেন। সুপারি গাছগুলো তাঁদের (মামুন) জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি জানার পর হাসানুর ও তাঁর ছেলে হাসিবুল শেখ এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন শেখসহ তাঁর পরিবারের সদস্যরা তাঁদের কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই হাসানুরের মৃত্যু হয় এবং তাঁর ছেলে গুরুতর আহত হন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হাসানুর শেখকে হত্যা ও তাঁর ছেলেকে আহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।