গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মশার উৎপাদন দিনদিন বেড়েই চলছে। মশার যন্ত্রণায় নগরবাসীর জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়েছে।
শুধু রাতে নয়, দিনের বেলায়ও মশার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে নগরবাসীকে। দিনের বেলাতেও কর্মক্ষেত্রে ও বাসা বাড়ীতে কয়েল জ্বালিয়ে বা স্প্রে করে বসবাস করতে হচ্ছে।
সাধারণ ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, মশা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নিতেও দেখা যায় না। ফলে মশা বৃদ্ধির ভোগান্তি নগরবাসীতে কমছে না।
২০১৩ সালের জানুয়ারিতে ৩২৯ দশমিক ৫৭ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত হয়। বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের লোক সংখ্যা প্রায় ৪৫ লাখ। আয়তনের দিক দিয়ে এটি দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন। গাজীপুর সিটি কর্পোরেশন একটি শিল্প সমৃদ্ধ নগর হলেও এর বৃহৎ অংশ গ্রামীণ এলাকা নিয়ে গঠিত।
গাজীপুর সিটি কর্পোরেশনে রয়েছে ছোট বড় মিলে প্রায় সাড়ে ৮ হাজার শিল্প কল কারখানা। এর মধ্যে পোশাক কারখানার সংখ্যা বেশি। অধিকাংশ কারখানাতেই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নেই বললেই চলে। ফলে শিল্প কলকারখানার বর্জ্যে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত করেই চলছে। দূষিত থেকে রক্ষা পায় না নদী নালা খাল বিল সহ জলাশয়ের পানি। বিভিন্ন স্থানে পঁচা পানিতে জলাবদ্ধতারও সৃষ্টি হয়ে থাকে। আর এসব দূষিত পঁচা পানি এবং নোংরা নর্দমা মশা উৎপাদনের ক্ষেত্র হয়ে দেখা দিচ্ছে দূষিত পরিবেশ। এছাড়া বসতবাড়ী ও হাটবাজারের আশে পাশে জমে থাকা বর্জ্য এবং নর্দমায় জমে থাকা নোংরা পানিতেও ব্যাপক হারে মশার বিস্তার দিন দিন বাড়ছে। সব স্থানের আবর্জনা সঠিক সময়ে না সরানোর কারণে মশার বিস্তার ঘটছে। নিয়মিত পরিষ্কার হয় না নগরীর নর্দমা ও জলাশয়গুলো। ফলে এসব স্থানে মশা উৎপাদনের খামারে পরিণত হয়। রাতের বেলায় মশার অসহ্য যন্ত্রণায় নাগরিকদের ঘুমাতে গিয়ে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। বিশেষ করে ঘন বসতি এলাকা গাজীপুর শহর ছাড়াও চান্দনা চৌরাস্তা, পূবাইল, সালনা, কোনাবাড়ী, কাশিমপুর, কড্ডা, নাওজোড়, ভোগড়া, বাসন, গাছা, বোর্ডবাজার, বড়বাড়ি, এরশাদ নগর, টঙ্গীর আউচপাড়া, দত্তপাড়া, খাপাড়া, মধুমিতা, পাগার, সালনা, নলজানিসহ বিভিন্ন স্থানে মশার উপদ্রব অনেক বেড়েছে।
বর্তমানে মশার এমন মারাত্মক বংশবৃদ্ধির কারণে মশার উপদ্রবে নগরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাতের অবস্থা তো দুবির্ষহই এমনকি দিনের বেলায়ও মশার কামড় থেকে নগরবাসী রেহাই পাচ্ছেন না। অনেক জায়গায় দিনের বেলায়ও মশার কামড় থেকে রেহাই পেতে মশার কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। সন্ধ্যা হলেই এসব জায়গায় মশারির নিচে আশ্রয় নিতে হয়। বিশেষ করে ছাত্র ছাত্রীদের পড়াশোনা মশার উপদ্রবের কারণে ক্ষতি হচ্ছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুর রহমান মজুমদার বলেন, মশার কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। দিনরাত কয়েল বা মশা নাশক স্প্রে করা ছাড়া বাসায় বসবাস করা মুশকিল। মশার কামড়ে অতিষ্ট হয়ে গেছি আমরা। কিন্তুু গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা নিয়ন্ত্রণের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনে মশা নিধন কার্যক্রমে লোক বলের অভাব রয়েছে। এ কারণে মশা নিধনে সম্পূর্ণ শক্তি সামর্থ সিটি কর্পোরেশন অর্জন করতে পারেনি। তবে বেশি উপদ্রুত এলাকায় কিছু কিছু মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া মশার বংশ বৃদ্ধির স্থল যেমন নর্দমা, পঁচা নোংরা জলাশয় ও আর্বজনার স্তুপ এগুলো পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করা হবে।