নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে সিয়াম মিয়া (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী। বুধবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার পান্থশালা ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ সিয়াম উপজেলার উত্তর বাখাননগর এলাকার মালয়েশিয়া প্রবাসী জুনায়েদ মিয়ার একমাত্র ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সিয়ামের বন্ধু সাকিব আল হাসান জানায়, ১১ জন বন্ধু মিলে পান্থশালা ফেরিঘাটে মেঘনায় গোসল করতে আসে। ফেরিঘাটের জেটি থেকে কয়েকজন পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানার পরও সিয়াম বন্ধুদের সঙ্গে ঝাঁপ দেয়। এতে মুহূর্তের মধ্যেই সে প্রবল স্রোতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। রায়পুরা ফায়ার সার্ভিসের টিম লিডার নাসির উদ্দিন জানান, স্থানীয়ভাবে চেষ্টা করা হলেও ডুবুরি না থাকায় টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি, ফলে উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি।
এদিকে, ঘটনাস্থলে ভিড় জমিয়েছে স্থানীয় উৎসুক জনতা। নিখোঁজ সিয়ামের পরিবার ও বন্ধুদের মাঝে চলছে আহাজারি।