দেশের খবর

মোটরসাইকেল রেস করতে গিয়ে মামার ‍মৃত্যু, ভাগ্নে হাসপাতালে

মামা-ভাগ্নে দুই মোটরসাইকেল নিয়ে রেস করতে গিয়ে মামা অভি সরদার (২৩) নিহত হয়েছেন। অপরজন ভাগ্নে তাইজুল ইসলাম রাব্বিকে (২৩) আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর লালন শাহ সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচাড়া সেন্টারপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে। আহত রাব্বি একই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নুরুল হোসেন ঠিকাদারের ছেলে। রাব্বি ঈশ্বরদী সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী।

নিহতের চাচা জয় আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, অভি ও রাব্বি সম্পর্কে মামা-ভাগ্নে। মঙ্গলবার সকালে দুইজন দুই মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। এরপর তারা পাকশী লালনশাহ সেতুর উপর উঠে দ্রুত গতিতে রেস শুরু করেন। এক পর্যায়ে পাশাপাশি দু’জনের মোটরসাইকেলে ধাক্কা লেগে দুইজনেই ছিটকে পড়ে যান।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত রাব্বিকে রাজশাহী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ’হাসপাতাল থেকে মুঠোফোনে দূর্ঘটনার বিষয়ে জানতে পারি। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর