যশোরে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মখছেদ আলীর ছেলে আমির হোসেন।
বুধবার সকালে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম তুহিন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৫ জুন আমির হোসেনকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপর ১৬ জুন বিকেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
ডা. রবিউল ইসলাম আরও জানান, বর্তমানে আইসিইউতে করোনার উপসর্গ থাকা আরও তিনজন রোগী রয়েছেন। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।