যুবসমাজের উদ্যোগে বান্দরবানের আলীকদমে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ-পূর্ব পালং পাড়া একতা যুব কল্যাণ সংগঠনের আয়োজনে এবং আলীকদম থানা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব পালং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম থানার প্রতিনিধি এসআই মিয়েল চাকমা, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা মনজুর আলম বুলু, ঠিকাদার নুর উদ্দিন, একতা যুব কল্যাণ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, মাদক কেবল একজন মানুষের জীবন নষ্ট করে না, এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেও ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।
পরে ব্যানার ও প্ল্যাকার্ডে মাদকবিরোধী স্লোগান নিয়ে একটি র্যালি বের করা হয়। এতে যুবসমাজ, জনপ্রতিনিধি, পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
বক্তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।